ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস ঘোষণা করেছেন, রোনালদো ও আরও কয়েকজন অংশীদারের সঙ্গে ইন্টার দে লিমেইরা ক্লাব কিনবেন তিনি। ক্লাবটি বর্তমানে ব্রাজিলের তৃতীয় বিভাগ, অর্থাৎ দেশটির ফুটবলের তৃতীয় স্তরে খেলছে।

images/01.jpg

ওয়ামো চ্যানেলের ‘দেবাতে এম জোগো’ অনুষ্ঠানে কার্লোস বলেছেন, ‘রোনালদো ও আমি এখন ইন্টার দে লিমেইরা কেনার প্রক্রিয়ায় আছি। আমাদের সঙ্গে এনরিকো এবং আরও ২ অংশীদার রয়েছেন; তাঁদের ১ জন আফ্রিকান ও ১ জন আরব।’

পালমেইরাস, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সাবেক এই ফুটবলার জানান, তাঁদের ধাপে ধাপে ‘ব্রাজিলের অভ্যন্তরীণ অঞ্চলের ফুটবলে আবার যুক্ত হওয়ার’ পরিকল্পনা রয়েছে। লক্ষ্য ২টি—ব্রাজিল জাতীয় দলের জন্য ‘ভালো খেলোয়াড় তৈরি করে যাওয়া’ এবং ‘এসব ক্লাবকে পুনর্গঠন করা’।

সাও পাওলো রাজ্যের অভ্যন্তরে অবস্থিত ছোট ক্লাব ইন্টার দে লিমেইরা ৮০-এর দশকে নিজেদের সেরা সময় কাটিয়েছিল। তারা ১৯৮৬ সালে সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮৮ সালে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে। বর্তমানে দলটি ব্রাজিলের তৃতীয় বিভাগে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং ব্রুসকি ও সান্তা ক্রুজের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে।

সাও পাওলো রাজ্যের এই ক্লাবটি রোনালদো ও কার্লোসের কিনে নেওয়ার উদ্যোগ ব্রাজিলের ফুটবলে চলমান গভীর পরিবর্তনের অংশ। ক্রমেই বেশি ক্লাব শেয়ারভিত্তিক কাঠামো গ্রহণ করে বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে।

ফুটবল ক্লাব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে রোনালদোর। যে ক্রুজেইরোতে তিনি বেড়ে উঠে পরে ইউরোপে পাড়ি দিয়েছিলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে সেই ক্লাব কেনার ঘোষণা দেন তিনি। ২০২৪ সালের এপ্রিল মাসে ক্লাবটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ২০১৮ সালে রিয়াল ভায়াদোলিদের নিয়ন্ত্রণও কিনেছিলেন রোনালদো, তবে গত বছর স্প্যানিশ দলটি গুরুতর ফলসংকটে পড়ার সময় নিজের শেয়ার বিক্রি করে দেন।